১৮ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় চোরাই সিএনজি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চোরাই সিএনজি অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত একটি চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি চোরাই সিএনজি অটোরিকশা।

রোববার (২ আগস্ট) দুপুরে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন ফাতেমা মোটরসে এ অভিযান পরিচালনা করে পটিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চলমান চোরাই যানবাহনবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে কয়েকদিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা লেনদেনের সময় মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭) নামে তিনজনকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে চারটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এর মধ্যে তিনটির কোনো নিবন্ধন নম্বর নেই এবং অপরটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-থ-১১-৪৩৪৩।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নি.) মো. আখতার হোছাইন, এএসআই (নিঃ) মীর মো. মনির হোসেন, এএসআই (নি.) আল আমিন খানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া অটোরিকশাগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, চোরাই যানবাহন, সংঘবদ্ধ অপরাধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ও প্রযুক্তিনির্ভর তদন্ত ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও পড়ুন