পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় অটো-টেম্পো, সিএনজি টেক্সি সমিতির অর্থ-সম্পাদক শহিদুল ইসলাম সেকু (৪০) ৩ দিন ধরে নিখোঁজ। সে পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ পাইকপাড়া এলাকার মুসলিম মিয়ার পুত্র।
বুধবার (৮ জানুয়ারি) তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে এব্যাপারে পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে (ডায়েরি নং- ৩৮৮)।
এদিকে টেম্পো সমিতির নেতৃবৃন্দ অভিলম্বে উক্ত নিখোঁজ শ্রমিক নেতাকে উদ্ধারের জন্য পটিয়া থানা পুলিশের প্রতি দাবী জানিয়েছে। উক্ত সেকু উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের আবুল কালাম নামের এক ব্যক্তি থেকে ৬ লাখ টাকা পাওনা ছিল। সময়মত উক্ত টাকা পরিশোধ না করায় আবুল কালামের বিরুদ্ধে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় গত ৬ জানুয়ারি (সোমবার) সকালে সেকু আদালতে হাজিরা দিতে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
পরিবারের ও সমিতির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে পরে পটিয়া অটোটেম্পো সিএনজি টেক্সি শ্রমিক সভাপতি বদিউল আলমের পরামর্শে গতকাল থানায় একটি নিখোঁজ ডায়েরী করে।
এ ব্যাপারে বদিউল আলম জানান, শ্রমিক নেতা সেকুকে উদ্ধারে পটিয়া থানা পুলিশসহ তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, নিখোঁজ শ্রমিক নেতাকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে সমিতির ৫ বারের নির্বাচিত অর্থ-সম্পাদক শহিদুল ইসলাম সেকু ৪ দিন ধরে নিখোঁজ হওয়ার ঘটনায় পটিয়া সিএনজি সমিতির শ্রমিকদের মাঝে আতংক ও ক্ষোভ বিরাজ করছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













