২৮ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল শিশুকন্যার

চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাত বছর বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা নন্দন বড়ুয়াসহ মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাঁচারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা নন্দন বড়ুয়া মোটরসাইকেলে করে তার সাত বছর বয়সী মেয়েসহ স্বজনদের দুই শিশুকে নিয়ে মুন্সিরহাটের দিকে যাচ্ছিলেন। কাঁচারি পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নন্দন বড়ুয়ার সাত বছর বয়সী মেয়েটির মৃত্যু হয়। গুরুতর আহত নন্দন বড়ুয়াসহ অপর দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা রুস্তম আলী বলেন, নন্দন বড়ুয়া তার মেয়েসহ ভাই উদয়ন বড়ুয়া ও ছোটন বড়ুয়ার সন্তানদের নিয়ে বাড়ি থেকে মুন্সিরহাটের দিকে যাচ্ছিলেন। কাঁচারি পুকুর এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি জব্দ করে।

পটিয়া কালারপোল পুলিশ ফাঁড়ির এসআই মো. মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহত তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনায় শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কোলাগাঁও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন