চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। রোববার দিনগত রাত ১১টার দিকে নগরীর সৈয়দ শাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এ সময় কয়েকটি বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রাত ১১টার দিকে হঠাৎ দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। এ সময় কয়েকটি বিকট শব্দ শোনা যায়। অন্ধকার থাকায় পরিষ্কার করে কিছু দেখা যায়নি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, ‘মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুরাদ বাহিনীর মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। ফটকা ফোটানো হয়েছে। টিনের ঘরে পাথর নিক্ষেপের কারণে শব্দ হয়েছে।’
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে বলেও জানান ওসি শাহীনুর আলম।














