চট্টগ্রামের পটিয়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. সোহাগের (২৪) কাছ থেকে দুটি রামদা, একটি ছুরি ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া থানার রাত্রিকালীন মোবাইল-১০ ডিউটিতে থাকা এসআই মো. মাহমুদুল হাসান, পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে একটি সিএনজি অটোরিকশায় অবস্থান করছেন। তারা আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন।
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আল মক্কা ফার্নিচার মাঠের সামনে মহাসড়কে অভিযান চালায়। এ সময় সোহাগকে একটি সিএনজিসহ আটক করা হয়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে দুটি রামদা, একটি ছুরি ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া রামদা দুটির দৈর্ঘ্য যথাক্রমে ৯১ দশমিক ৫ ও ৯১ সেন্টিমিটার। ছুরিটির দৈর্ঘ্য ৪৭ দশমিক ৫ সেন্টিমিটার এবং লোহার শাবলটির দৈর্ঘ্য ১০৪ দশমিক ৫ সেন্টিমিটার।
পুলিশের দাবি, অভিযানের সময় সোহাগের সঙ্গে থাকা আরও চারজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন একটি পৃথক সিএনজি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তার সোহাগ ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে। তিনি বর্তমানে পটিয়ার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় কবির সওদাগরের বাড়িতে বসবাস করতেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় মঙ্গলবার পটিয়া থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ১৫। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সোহাগকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।














