বাংলাধারা প্রতিবেদন »
নগরীরর বন্দর থানার হালিশহরে একটি ফ্ল্যাট বাসা থেকে স্কুলছাত্রী পলির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আবুল কাশেম খানকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
শুক্রবার (৪ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান আদালতে এই আদেশ দেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্কুল ছাত্রী রেবেকা সুলতানা পলির ভাইয়ের দায়েরকৃত মামলায় বাড়িওয়ালাকে আটক করা হয়। পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার রিমান্ড শুনানি শেষে আদালত আবুল কাশেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, বুধবার (২ অক্টোবর) রাতে নগরীর বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহরে একটি ফ্ল্যাট বাসা থেকে রেবেকা সুলতানা পলি (১৩) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে বন্দর থানা পুলিশ। পলি নগরীর হলিশহর আহমদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তারা খাগড়াছড়ি এলাকার বাসিন্দা। তার মা বন্দর এলাকায় সিইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত। বর্তমানে নিহত পলির মা উপার্জন করে সংসার চালান। পলির বড় ভাই রাসেল অনার্স শেষ করে বিসিএস কোচিং করছেন। নিহতের বাবা অন্য একটি বিয়ে করে মালয়েশিয়া পাড়ি দেন।
ময়না তদন্ত শেষে গ্রামের বাড়ি খাগড়াছড়িতে রেবেকা সুলতানা পলির দাফন সম্পন্ন করা হয় বলে জানা গেছে।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













