বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট লিখিত এবং ৩ আগস্ট মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, মোট ২৫০ নম্বরের লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিতে হবে শারীরিক সক্ষমতা যাচাই-এ উত্তীর্ণ প্রার্থীদের।
পরীক্ষার সূচি অনুযায়ী—
৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা (১০০ নম্বর)।
১ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা (১০০ নম্বর)।
৩ আগস্ট ২০২৬ (সোমবার) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মনস্তাত্ত্বিক পরীক্ষা (৫০ নম্বর)।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটেও কেন্দ্রভিত্তিক তথ্য প্রকাশ করা হবে।
এছাড়া, শারীরিক সক্ষমতা যাচাই-এ উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত কেন্দ্র নির্বাচন করে ১৬ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে পরীক্ষায় অংশগ্রহণে জটিলতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে। প্রয়োজনে লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন বা পুনর্নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ পুলিশ সংরক্ষণ করে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোও পর্যায়ক্রমে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের নিয়মিতভাবে সরকারি ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।














