২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রাইভেটকারে মাদক পাচার, বিপুল পরিমাণ ফেন্সিডিল-গাঁজাসহ যুবক আটক

বাংলাধারা প্রতিবেদক »

প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামে পাচারকালে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।

আটক মো. মাহফুজ (১৯) কুমিল্লা চৌদ্দগ্রাম থানার উত্তর বেতিয়ারা এলাকার মো. আব্দুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্যসত তাকে আটক করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

আটক ব্যক্তি এবং উদ্ধার মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন