৩০ অক্টোবর ২০২৬

জব্দ ২০ হাজার ঘনফুট বালু

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা, সরঞ্জাম ধ্বংস

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে নদীর তীর থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খিরাম সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।

নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন এবং প্রায় দুই হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়। এ সময় নদীর তীর থেকে অবৈধভাবে উত্তোলন করে রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করে প্রশাসন।

অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ জানান, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামে বিক্রির জন্য স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।

জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন