হাসিব ফেব্রু »
ছবি, মূর্তি, ভাস্কর্য নিয়ে অপ্রাসঙ্গিক আলোচনা না করে সৃষ্টিশীল কাজ এবং সমাজ বিনির্মাণ ও মানুষের আধ্যাত্মিক উন্নয়নের জন্য কাজ করার আহবান জানিয়েছেন মহিউদ্দীন-পুত্র শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে জেলা পরিষদের সদস্য শাহিদা আখতার জাহানের লেখা ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিছু আলেমের অপ্রাসঙ্গিক ফতোয়া প্রসঙ্গে মন্তব্য করে উপমন্ত্রী বলেন, আমরা আপনাদের সম্মান করি। কিন্তু ফতোয়া দিয়ে, অপ্রাসঙ্গিক কথা বলে নিজেদের ছোট করবেন না।
শিক্ষা উপমন্ত্রী বলেন, একসময় ছবি না তোলার কথা আমাদের দেশে বলা হতো, কিন্তু এখন ছবি না তুললে আপনি হজ্বে যেতে পারবেন না। সৌদি আরবের সরকার একটি চ্যানেল বানিয়েছে, সেখানে সারাদিন কাবা শরীফের তাওয়াফ হচ্ছে-সেটা দেখাচ্ছে। আপনারা মানুষকে পবিত্র করার জন্য কাজ করুন। মানুষকে অনিয়ম-দুর্নীতি থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করুন। সহিংসতা, ধর্ষণ এগুলোর বিরুদ্ধে কথা বলুন। গুণগত কাজ করুন। এতে আলেম হিসেবে আপনাদের প্রতি আমাদের সম্মান অনেক বেড়ে যাবে। আলেম সমাজকে পিছিয়ে থাকার চিন্তা পরিহার করতে হবে।
প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপত্বিতে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, মুখ্য আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।
বাংলাধারা/এফএস/এইচএফ/এআর













