৮ নভেম্বর ২০২৬

বছরের শেষ চালানে মিললো সাড়ে তিন লাখ পিস ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি »

২০১৯ সালের শেষদিনে কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশাল চালানে ইয়াবা জব্দ হলেও  এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে টেকনাফের ২ বিজিবি ব্যাটলিয়ান সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লে. কর্নেল ফয়সল হাসান খান।

লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সীমান্ত দিয়ে প্রবেশের সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর সকালে মিয়ানমার জলসীমানায় লালদ্বীপ থেকে বের হয়ে কয়েকজন পাচারকারী সাঁতরে এসে জাদিমোড়া এলাকার নাফ নদীর কিনারে পৌঁছেন। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামানোর সংকেত দিলে তারা চারটি বস্তা ফেলে কেওরা বাগানের দিকে ঢুকে পড়ে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার বস্তা থেকে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবা ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।

তিনি আরো জানান, বিজিবি সীমান্তে গত এক বছরে ৭০ লাখ পিস ইয়াবাসহ তিন শতাধিক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় বিভিন্ন সময়ে ‘বন্দুকযুদ্ধে’ ৩৬ জন মাদক পাচারকারী নিহত হয়। এর মধ্যে নারীসহ ১৭ জন রোহিঙ্গা ছিল।
সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তে কঠোর নজরদারি রাখায় ইয়াবা পাচারকারীরা ধরা পড়ছে। কোনও মাদক ব্যবসায়ী ও পাচারকারী ছাড়া পাবে না। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ