১৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে লবণমাঠ দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে লবণমাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) ভোর রাতে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে।

পুলিশ জানায়, সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন জিল্লুর রহমান। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ভোররাতে গুলিবিদ্ধ অবস্থায় বাঁশখালীর এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন