সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটানো মানুষের পাশে দাঁড়িয়েছে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারের সদস্যদের সংগঠন ‘বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা কমিটি’। সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর নির্মাণ ও সংস্কারের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা, শেখেরখিল ও বৈলছড়ি এলাকায় এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনের সদস্যদের ব্যক্তিগত অনুদানে গঠিত তহবিল থেকে দুই এলাকার প্রায় ৪০টি বন্যাদুর্গত পরিবারের হাতে ঘর পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, সহসভাপতি প্রফেসর ড. শামছু উদ্দীন আজাদ এবং সাধারণ সম্পাদক প্রফেসর আহম্মদ ছোবহান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কোষাধ্যক্ষ আজম মুহাম্মদ আনোয়ার সাদাত, প্রচার সম্পাদক মোহাম্মদ ইকরাম, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমিরুল আনোয়ার চৌধুরী, সদস্য আহমদ কবির, সালাউদ্দীন ও তাহের শওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা প্রদান শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্বের অংশ। তারা জানান, এ উদ্যোগ শুধু বর্তমান বন্যা পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতেও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।













