প্রত্যন্ত গ্রামের একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাজীবনের শুরু। এরপর একের পর এক ধাপ পেরিয়ে উচ্চশিক্ষার সাফল্য, বাংলাদেশ পুলিশের কর্মজীবন এবং সবশেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি অর্জন। নাঙ্গলকোটের বাইয়ারা গ্রামের সন্তান ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের এই সাফল্যের গল্প এবার পেল আনুষ্ঠানিক স্বীকৃতি।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সমিতি, চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাজীবনের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাঙ্গলকোটের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব ও অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, নাঙ্গলকোট আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা সমিতি, চট্টগ্রামের আহ্বায়ক সামছুদ্দিন ইলিয়াছ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য নকিব উদ্দিন ভূঁইয়া।
ড. মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের সন্তান। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাজীবন শুরু করে ধাপে ধাপে উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি। শিশু অপরাধ বিশ্লেষণ ও কিশোর গ্যাং নিরসনে চট্টগ্রাম শহর অঞ্চলে কাজ করার পাশাপাশি ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত রয়েছেন।
বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং হাসানপুর আবদুল গফুর ভূঁইয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন ড. আনোয়ার। এরপর নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে মাস্টার্স এবং চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএল.বি ডিগ্রি অর্জন করেন।
উচ্চশিক্ষার ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে Development Studies বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
প্রত্যন্ত বাইয়ারা গ্রামের পরিবেশ থেকে শিক্ষাজীবন শুরু করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা অর্জন এবং কর্মজীবনে সাফল্য—ড. আনোয়ারের এই পথচলাকে নাঙ্গলকোটের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।
শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রে তাঁর এই অর্জনের স্বীকৃতি হিসেবেই নাঙ্গলকোট উপজেলা সমিতি, চট্টগ্রামের পক্ষ থেকে তাঁকে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।












