বাংলাধারা ডেস্ক »
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ জনশক্তি গড়ে তােলার ওপর গুরত্ব দিচ্ছে সরকার। বানিজ্য সম্প্রসারণে নেয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের বস্ত্রপণ্য খুব অল্প টাকায় আমরা বিক্রি করি। পণ্যের দাম মাত্র ১ ডলার করে বাড়ালেও আমরা লাভবান হতে পারতাম। এখন আমাদের বার্গেনিং করা উচিত।’
বস্ত্রপণ্য ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বৈদেশিক ক্রেতা ও বায়ারদের এ বিষয়ে আপনাদের বলা উচিত। যদিও প্রতিযোগিতার বাজার। তবুও বার্গেনিং করতে হবে। আমি নিজে যেসব দেশে যাই এবিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলি। আমি নিজে একা বললে হবে না, আপনাদেরও বলা উচিত।’
এসময় প্রধানমন্ত্রী পাটসহ অন্যান্য বস্ত্র খাতের গুরুত্ব জানিয়ে বলেন, ‘পাট এমন একটি কৃষিপণ্য যা পরিবেশবান্ধব। আমরা পাটের জীবনরহস্য উন্মোচন করেছি। এখন পাট দিয়ে বিভিন্ন পণ্যের পাশাপাশি বস্ত্র নির্মাণের কাজও এগিয়ে চলেছে।সরকার সিল্ক ও রেশমের ওপর গুরুত্ব দিচ্ছে। রাজশাহীতে ১৯টি লুম চালু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পণ্যের বৈচিত্র্য একান্তভাবে দরকার জানিয়ে বলেন, ‘নতুন নতুন বাজার খুঁজে বের করার চেষ্টা করতে হবে। নতুন নতুন পণ্য নিয়ে কাজ করতে হবে। পণ্যের রং, ডিজাইন এবং চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন করতে হবে।’
তিনি জানান, দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে ৪টি কারখানা পিপিপি এর আওতায় চালু করার ব্যাপারে আলোচনা হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম












