৮ নভেম্বর ২০২৬

‘বিজনেস ইনকিউবিশন সেন্টার দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে’

বাংলাধারা ডেস্ক »

বিজনেস ইনকিউবিশন সেন্টার দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে মন্তব্য করেছেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম।

গতকাল চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদে এসএমই ফাউন্ডেশন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্মল এন্ড মিডিয়াম-সাইজড্ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২)’ প্রকল্পের আওতায় ইনকিউবিশন সেন্টার বিষয়ক কান্ট্রি স্ট্র্যাটেজি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সফিকুল ইসলাম বলেন, প্রতি বছর দেশে ২৬ লক্ষ বেকার বেকারত্বের সারিতে যুক্ত হচ্ছে। কিন্তু দেশের কুটির শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের এত সুযোগ রয়েছে যা বেকারত্বের সমস্যা থেকে উত্তরণের জন্য অন্যতম ভূমিকা পালন করতে পারে। আর এ ক্ষেত্রে বিজনেস ইনকিউবিটর সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক ও এসএমইডিপি-২ এর প্রকল্প পরিচালক এ. কে. এম ফজলুর রহমান।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার এম নাজিম হাসান সাত্তার, প্রজেক্ট লিডার ও আন্তর্জাতিক ইনকিউবিশন বিশেষজ্ঞ Hulya Tetik, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ও সদস্যবৃন্দ।

চট্টগ্রামে প্রথম চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতেই এই ইনকিউবিশন সেন্টার স্থাপিত হতে যাচ্ছে যা নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে বলে জানান এ. কে. এম ফজলুর রহমান। তিনি আরো বলেন, এই প্রজেক্টের আওতায় ট্রেনিং, তথ্যসেবা প্রদানসহ তরুণ উদ্যোক্তাদের ব্যবসার জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়েও সহায়তা করা হবে।

সভাপতি আবিদা মোস্তফা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে অনেক প্রতিবন্ধকতার সম্মূখীন হতে হয়। যার কারণে আয়ের ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে তারা আর সফলতার মুখ দেখতে পাননা। আমরা এই ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে সেইসব নারীদের ব্যবসা জগতে শিশু পর্যায় থেকে প্রাপ্ত বয়স্ক পর্যাযে নিতে কাজ করব।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন- আন্তর্জাতিক ইনকিউবিশন বিশেষজ্ঞ Hulya Tetik ও বিজনেস ইনকিউবেশন বিশেষজ্ঞ (জাতীয়) শফিকুর রহমান খান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ