১৬ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১ হাজার ৮০০ ফুট বালু উত্তোলনের পাইপ, বালুভর্তি দুটি ট্রাক ও একটি ভেকু আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সাতটি স্পট ভেঙে দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার কালুরঘাট ব্রিজ থেকে চরণদ্বীপ এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ করা হয়। এ ছাড়া বালুভর্তি দুটি ট্রাক ও একটি ভেকু আটক করা হয়েছে। পরে অবৈধ বালু উত্তোলনের সাতটি স্পট ভেঙে দেওয়া হয়।

অভিযানে বোয়ালখালী থানা-পুলিশ সহযোগিতা করে। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহের জন্য ক্ষতিকর। পাশাপাশি বালু পরিবহনের কারণে সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুন