চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি (DAP) সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাচারকাজে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জন পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে গেলেও বোটে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার ও কার্গো বোটটির আনুমানিক মূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত আলামত পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান ও সীমান্তপথে অবৈধ পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














