১ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার রজব আলী সওদাগর বাড়ির নুর হোসেনের ঘরে অভিযান চালিয়ে প্রথমে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় ‘করেরহাট বাইক ল্যাব’ নামের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চোর চক্রের লুকিয়ে রাখা আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জামসেদ হোসেন প্রকাশ শুভ (২৩), মো. শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিঞা (২০), আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪), ইসমাইল হোসেন (১৮) ও মো. মাশরাফি (২০)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তার হওয়া মাশরাফির বিরুদ্ধে এর আগেও তিনটি চুরি মামলা রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, জেলা পুলিশের চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানের অংশ হিসেবে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন