২১ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে প্রথম নারী এমপি শামছুন্নাহার

চট্টগ্রামের মিরসরাই উপজেলাবাসীর জন্য এবার এলো নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) পেল মিরসরাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে এই আসনে নির্বাচিত হয়েছেন শামছুন্নাহার বেগম।

তিনি উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের একজন গৃহবধূ হলেও দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিকভাবে তিনি মিঠানালা ইউনিয়নের অনাইর বাড়ির বাসিন্দা এবং মাস্টার নুরুল করিমের সহধর্মিণী। স্থানীয়ভাবে তিনি একজন সৎ, পরিশ্রমী ও সমাজসেবামুখী ব্যক্তি হিসেবে পরিচিত।

দলীয় সূত্র জানায়, সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে তার মনোনয়নে মিরসরাইয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা মনে করছেন, একজন নারী প্রতিনিধির মাধ্যমে এলাকার সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

নবনির্বাচিত এমপি শামছুন্নাহার বেগম বলেন, “আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। মিরসরাইবাসীর উন্নয়ন এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।”

তার এই মনোনয়নকে মিরসরাইয়ের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন অনেকেই।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ