১৬ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এমইপির নতুন শিল্পপ্রকল্প, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে হাই-টেক শিল্পপ্রকল্প গড়ে তুলছে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ২ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমদ। অনুষ্ঠানে বেজার কর্মকর্তা আবদুল কাদের সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার এবং চেয়ারম্যান শফিউল আহমেদ চাকলাদার।

জানা গেছে, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের বৈদ্যুতিক ও ইলেক্ট্রনিক শিল্পে ব্যবসা পরিচালনা করে আসছে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ একর জমির ওপর গড়ে উঠবে নতুন শিল্প কারখানাটি। এখানে বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেক্ট্রনিক পণ্য উৎপাদন করা হবে।

প্রকল্পটিতে প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগ করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে কারখানার একটি উৎপাদন ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, ‘আজকের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এমইপি গ্রুপের নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরা বিশ্বমানের, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্প দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করবে।’

প্রধান অতিথি সালেহ আহমদ বলেন, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এমইপি গ্রুপের এই বিনিয়োগ দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে। প্রযুক্তিনির্ভর উৎপাদন, আমদানি বিকল্প শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বেজা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।’

আরও পড়ুন