বাংলাধারা প্রতিবেদন :
চট্টগ্রামের মীরসরাইয়ে নিজ কার্যালয় থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার মীরসরাই সংবাদদাতা সুজন মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) রাত ১০টার সময় মীরসরাই উপজেলা সদরের মাতৃকা হাসপাতালের সামনে তার নিজস্ব কার্যালয় থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মিরসরাই থানার পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশগুপ্ত জানান, সাংবাদিক সুজনকে সারাদিন খুঁজে না পেয়ে এবং অফিসের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তার বন্ধুরা থানায় খবর দেন। মীরসরাই থানা পুলিশ সুজনের ব্যক্তিগত অফিসের দরজা ভাঙলে ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে তিনি আরও বলেন, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা সেটি তদন্ত করা হচ্ছে।
মরদেহ উদ্ধারের সময় পুলিশ তার টেবিল থেকে একটি কাগজের টুকরো পেয়েছেন। যেখানে লেখা ছিল, যার কাছে আমার আবেগের কোনো গুরুত্ব নাই, তার সাথে আমার কোন সম্পর্ক নাই।
এদিকে সাংবাদিক সুজনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে মীরসরাইয়ের সাংবাদিক অঙ্গনে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মীরসরাই প্রেস ক্লাব, মীরসরাই সাংবাদিক ইউনিয়ন ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ সাংবাদিক পরিষদের সভাপতি মাহবুব পলাশ শোক প্রকাশ করে নিজের ফেসবুক অ্যাকান্টে লিখেন, কখনো ‘বাপজান ‘/ কখনো ‘কাকা’/ কখনো মাথাটা পেতে দিয়ে ‘কি আদেশ কন কাকা’ বড় গলায় বলতি । অনেক সংবাদকর্মী তো গড়েছি , তুই তো আমার গড়া নয়, তবুও অতটা অনুগত বলে অপ্রস্তুত হতাম। এভাবে চলে যাবি কোন দিন ভাবিনি বাপধন ।
প্রসঙ্গতঃ সুজন দৈনিক আজাদী পত্রিকার প্রাক্তন মীরসরাই প্রতিনিধি নিরোধ বরণ মন্ডলের ছেলে।
বাংলাধারা/এফএস/এআই













