৮ নভেম্বর ২০২৬

‘মুক্তিযুদ্ধের চেতনা প্রশ্নে সবাইকে এক থাকতে হবে’

বাংলাধারা প্রতিবেদন »

মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার (২৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রামের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। স্বাধীন-সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের এক থাকতে হবে। সবাই যে আমার দল করবেন – সেটা আমি প্রত্যাশা করি না। আপনারা যে দলই করুন, যে মতাদর্শের হোন না কেন, আপনারা রাজনৈতিকভাবে পক্ষপাত করবেন না। কোন ব্যক্তির হয়ে পক্ষপাত করবেন না। এতে আপনারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন।

তিনি বলেন, আমি দেখেছি, অনেক বড় বড় সাংবাদিক দলের প্রতি অন্ধ হয়ে পড়েন। আমি যদি ভুল করি, আর ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমি নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো না। আমার ভুল করার প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিতে হবে।

সাতকানিয়া-লোহাগাড়ার সমস্যা নিয়ে গোলটেবিল বৈঠক করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এসব বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ, এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিকদের নিয়ে আসা যায়। এর ফলে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধান হবে বলেও মত দেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ফোরামের সভাপতি ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার মিজানুল ইসলাম। আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক সরোয়ার আমিন বাবু, কামাল উদ্দিন খোকন, এস এম রানা, ওমর ফারুক, ইফতেখার ফয়সাল, জয়া শর্মা প্রমুখ।

অনুষ্ঠানে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রামের পক্ষ থেকে প্রধান অতিথি বিপ্লব বড়ুয়াকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ