আনোয়ারা প্রতিনিধি »
বাঁশখালি উপজেলার প্রয়াত মুক্তিযোদ্ধা আলী আশরাফকে দাফনের আগে রাষ্ট্রীয় সম্মাননা না দেয়া এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বাঁশখালির এমপির কটূক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের শান্তিপূর্ণ সমাবেশে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের অনুসারীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা কমান্ড ও সন্তান কমান্ড।
বুধবার ( ৯ আগষ্ট) সকাল ১১ টার দিকে আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ, ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ হোসেন বাবু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, মুক্তযোদ্ধা তরনী সেন মিত্র, মুক্তিযোদ্ধা আবদুল খালেক ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সদস্য বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের অপমান আমরা কোনভাবেই সহ্য করবো না। মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধনে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের ভাড়া করা সন্ত্রাসীদের হামলার জন্য তাঁর সংসদ সদস্যপদ বাতিল ও দল থেকে বহিস্কার করতে হবে। অন্যথায় সারাদেশব্যাপী কঠোর আন্দোলন ঘোষনা করা হবে।
এসময় বক্তারা মুক্তিযোদ্ধার সন্তান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মাে. রাশেদ এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন।
বাংলাধারা/এফএস/এএ














