কক্সবাজার প্রতিনিধি »
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) ২০২০ এর ক্ষণগণনার উদ্বোধন নিয়ে কক্সবাজারের সৈকত তীরে বর্ণাঢ্য আয়োজন থাকছে। এ উপলক্ষে ১০ জানুয়ারী (শুক্রবার) কক্সবাজারের সকল আবাসিক হোটেলে ২৫ শতাংশ ছাড় ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ রয়েছে বঙ্গবন্ধুর দুর্লভ ছবির চিত্র প্রদর্শনী।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য দিয়েছেন।
ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেছেন, ক্ষণগণনা উদ্বোধনীতে দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজন থাকছে। বেলা ১১ টায় শহরের লাবণী পয়েন্টে বঙ্গবন্ধুর ১০০টি দুর্লভ ছবি নিয়ে চিত্র প্রদর্শনী করবে জেলা প্রশাসন। বিকাল ৩টা থেকে ৫টা প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, এরপর ১০০টি বেলুন উড্ডয়ন ও ১০০টি কবুতর অবমুক্তকরণ, সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সবশেষে রাত ৯টায় সৈকতের আকাশে ১০০টি ফানুস উড়ানো হবে। জেলা প্রশাসনের ফেসবুক পেইজ থেকে পুরো অনুষ্ঠান লাইভ চলবে।
ইতোমধ্যে জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। দিনটি উপলক্ষে সৈকতের বালিয়াড়িতে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা করে জেলা প্রশাসক বলেন, যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্রি নিরাপত্তা বলয় তৈরি করবে পুলিশসহ সকল শৃঙ্খলা বাহিনী।
ডিসি আরো বলেন, আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) ঘোষণা দিয়েছে সরকার। এ উপলক্ষে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ক্ষণগণনাযন্ত্র স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি তেজগাঁওস্থ পুরাতন বিমান বন্দরে ক্ষণগণনার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা সদর ছাড়াও উপজেলাসমূহেও ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, একেক জনের একেক রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু নিয়ে কোন বিতর্ক-মতভেদ থাকার কথা নয়। তিনি না হলে আমরা আজকের বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু এখন বিশ্ববন্ধু। তাকে শ্রদ্ধা করা সবার উচিত। তাই কর্মসূচি সফল করতে তিনি জেলাবাসীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন।
ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













