৮ নভেম্বর ২০২৬

রাজাকারের তালিকা স্থগিত

বাংলাধারা ডেস্ক »

তুমুল বিতর্কের মুখে অবশেষে প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশের একদিনের মাথায় তালিকাটি স্থগিত করা হল। ইতোমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও তালিকাটি সরিয়ে নেয়া হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নির্ভুল তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমকে এই তালিকা স্থগিতের কথা নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এই তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসায় দুঃখ প্রকাশ করেন তিনি।

এর আগে বুধবার দুপুরে মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, তার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার কারণে এই ভুল হয়েছে। এই ভুলের জন্য আগের সরকারগুলোকেও দায়ী করেন তিনি।

গত রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ রাজাকারের নাম প্রকাশ করে। ওই তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন মন্ত্রী। পরে দুঃখ প্রকাশ করে তালিকা সংশোধনের কথা জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ