২৫ অক্টোবর ২০২৬

রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে পাশের কক্ষে স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে রাতে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের পর সকালে পাশের একটি কক্ষ থেকে এক ট্রলারশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন (৩৫) মৃত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় নদীপথে চলাচলকারী বিভিন্ন মালবাহী ট্রলারের শ্রমিক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন বলেও পরিবারের দাবি। ঘটনার আগের রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে রাত আনুমানিক ১২টার দিকে স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে পড়েন।

ভোর আনুমানিক ৫টার দিকে শাহাবুদ্দিনের স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি খালি কক্ষে গিয়ে ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি আনোয়ারা থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন