চট্টগ্রাম নগরীর ব্যস্ত কাজীর দেউড়ি নুর আহমদ সড়কে রাস্তার মাঝখানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একটি ময়লার গাড়ি দাঁড় করিয়ে ভাগাড় থেকে বর্জ্য তোলার ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় আধাঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সসহ শতাধিক যানবাহন সড়কে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের মাঝখানে ময়লার গাড়ি রেখে বর্জ্য তোলার কাজ চলায় যান চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা অবশিষ্ট ছিল না। ফলে অল্প সময়ের মধ্যেই সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, যানজটের কারণে একটি অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় আটকা পড়ে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও গণপরিবহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বর্জ্য পরিবহন ও অপসারণের কাজ আরও পরিকল্পিতভাবে পরিচালনা করা উচিত। ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি রেখে দীর্ঘ সময় বর্জ্য তোলার কারণে জনভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ এড়াতে চসিকের বর্জ্য পরিবহনের সময়সূচি ও কার্যপদ্ধতি পুনর্বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।














