২৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম নগর

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, পেছন থেকে হঠাৎ গুলি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তির গুলিতে মো. আজাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজাদ সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, বিকেল ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আজাদকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত আজাদ হামজারবাগের হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন