২৪ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় অবৈধ সিএনজি স্টেশন, ৬০১ গ্যাস সিলিন্ডারসহ দু’জন আটক

বাংলাধারা প্রতিবেদক »

লোহাগাড়া উপজেলায় অবৈধ দুই ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন থেকে ৫টি কাভার্ডভ্যানে ৬০১টি গ্যাস সিলিন্ডারে ৪ হাজার ৬শ কেজি তরল গ্যাসসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭। এসময় গ্যাস সিলিন্ডার ভর্তি ওই ৫টি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

বুধবার (২ মার্চ) দুপুরে উপজেলার কাজী পুকুরপাড় এলাকা থেকে এসব গ্যাস সিলিন্ডারসহ তাদের আটক করা হয়।

আটক লোকমান হোসেন (৩৮) সাতকানিয়া থানার চিলবাড়ি এলাকার মোজাফফর আহম্মেদ সিকদারের ছেলে এবং অপরজন লোহাগাড়া থানার উত্তর আমিরাবাদ এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. এনামুল হক (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী লোহাগড়া থানার কাজী পুকুরপাড় এলাকায় আইন অমান্য করে অবৈধভাবে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে কাভার্ডভ্যানে গ্যাস সংগ্রহ করে সিএনজি চালিত অটো রিকশায় নিয়মিতভাবে বিক্রি করছে— এমন তথ্যের ভিত্তিতে গত ২ মার্চ অভিযান চালানো হয়। এসময় লাইসেন্সবিহীন অবৈধ ২ টি ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন থেকে ৫টি কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কায়াদায় সংযুক্ত ৬০১টি গ্যাস সিলিন্ডারে ৪ হাজার ৬শ কেজি তরণ গ্যাসসহ দুইজনকে আটক করা হয়।

পরে আটকদের জিজ্ঞাসাবাদে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়াও তাদের কাছে বিস্ফোরক অধিদপ্তরের কোন অনুমোদন ছিল না বলে জানান তিনি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণভাবে বিশেষভাবে নির্মিত সিলিন্ডার যুক্ত কাভার্ডভ্যানের ভিতর তরল গ্যাস সংগ্রহ করে অবৈধভাবে ভ্রাম্যামাণ রিফুয়েলিং স্টেশন স্থাপনকরে ও কভার্ডভ্যান সিএনজিতে রুপান্তর কারখানা স্থাপন করে সিএনজি চালিত অটোরিক্সায় বিক্রি করে আসছিল।

আটক দুইজন ও উদ্ধার মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ, সিলিন্ডার উঠানামা, খোলানো ও সংযোজনের সময় সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে, এতে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, হতাহত পারে সাধারণ মানুষ। তাছাড়া কাভার্ডভ্যানগুলোতে নেই কোন অগ্নিনির্বাপক যন্ত্র, মানহীন সিলিন্ডারগুলোর নেই কোন টেস্টিং-রি টেস্টিং এর ব্যবস্থা।

আরও পড়ুন