কক্সবাজার থেকে বাসে করে ঢাকায় নেওয়ার সময় শপিংব্যাগে থাকা ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো— কক্সবাজার জেলার রামু উপজেলার হিমছড়ি মাঙ্গালা পাড়া এলাকার রমজান আলী (৩৫) এবং তার স্ত্রী দিলোয়ারা বেগম (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক পুলিশ বক্সের সামনে অবস্থান নেয় পুলিশ। পরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রমজান আলী ও তার স্ত্রীর সঙ্গে থাকা একটি শপিংব্যাগ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।














