চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি অটোরিকশায় এক ব্যবসায়ীকে স্প্রে করে অচেতন করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মলম পার্টির দুই সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বড়উঠান শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন— চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন কলসী দীঘির পাড় এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্বাস (৪৮) এবং হালিশহরের বড়পোল এলাকার মৃত ওয়াজেদ আলী শেখের ছেলে শেখ মোহাম্মদ ইছা (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর এক কিলোমিটার এলাকা থেকে বাঁশখালীর উদ্দেশে ওই ব্যবসায়ী একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। একই অটোরিকশায় আটক দুজনসহ আরও একজন ওঠেন। কিছুদূর যাওয়ার পর ব্যবসায়ীর ঝিমুনি আসে। পরে কিছুটা সচেতন হয়ে তিনি দেখতে পান, তার পকেটে থাকা ২৩ হাজার টাকা নেই।
এ সময় তিনি অটোরিকশার ভেতর চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক দুজনের কাছ থেকে ১৬ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অপর একজন পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, অটোরিকশায় তাকে স্প্রে করে অচেতন করার পর পকেট থেকে টাকা নিয়ে নেওয়া হয়।
ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার এসআই শাকিল আহমেদ বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে গেছেন। তার বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো ভিকটিমের সঙ্গে যোগাযোগ পাওয়া যায়নি। আটক ব্যক্তিরা আগে কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














