কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের পেকুয়ায় ইয়াবা হাতবদল করতে গিয়ে শ্বাশুর বাড়িতেই পুলিশের হাতে ধরা খেলেন ভূঁয়া ম্যাজিষ্ট্রেট ছরওয়ার কামাল ওরফে মোস্তফা কামাল (৩৫)। তার কাছ থেকে ৩ হাজার ৭শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তার স্ত্রী মুন্নি বেগমকেও (২৬) আটক করা হয়।
শুক্রবার (২৪জানুয়ারী) দিনগত রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আধাখালীর শ্বশুর বাড়ি থেকে পুলিশ ইয়াবাসহ তাদের আটক করে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ছরওয়ার কামাল মহেশখালী উপজেলার হোয়ানক টাইম বাজার এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। গ্রেপ্তার দম্পতি আগে চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরি করতো।
পেকুয়া থানার এসআই সুমন সরকার ও এএসআই নাছির উদ্দিন জানায়, গ্রেফতার ছরওয়ার পেকুয়ায় ইয়াবার একটি চালান হাতবদল করবে এমন সংবাদ ছিল পুলিশের কাছে। সকাল থেকে সে মতে পুলিশও ছরওয়ারের পিছনে সোর্স লাগিয়ে দেয়। ইয়াবা বিক্রির জন্য তিন দফা স্থান বদল করা হয়। সন্ধ্যায় আধাখালী এলাকায় ছরওয়ারের শ্বাশুর আলী আকবরের বাড়ি থেকে ইয়াবাগুলো সংগ্রহ করার কথা পাকাপোক্ত হয় ছরওয়ারের সাথে। এ সময় পুলিশ কৌশলে অবস্থান নেয়। ইয়াবা হাতবদল করতে গিয়ে পুলিশি অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছরওয়ার। এ সময় পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে। এ সময় তার কাছ থেকে পলিথিন মোড়ানো ৩হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের সাথে হাতাহাতিও করে ছরওয়ার।
পুলিশ জানায়, ছরওয়ার ধুর্ত প্রকৃতির লোক। সে একেক সময় একেক নাম বলে। হাতাহাতির একপর্যায়ে বলেছে, আমার গায়ে হাত দিবিনা, আমি একজন ম্যাজিষ্ট্রেট। একবার ছরওয়ার কামাল আরেকবার মোস্তফা কামাল বলে পরিচয় দেয়। একেক নামে কয়েকটি ভিজিডিং কার্ড রয়েছে তার।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, ভুঁয়া ম্যাজিষ্ট্রেট পরিচয় দেয়া ছরওয়ার কামাল নামের একজনকে ৩হাজার ৭শ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।ছরওয়ার কক্সবাজার শহরের লারপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। সেখানে ইয়াবা ব্যবসা করেন এবং ব্যবসায় তিনি স্ত্রীকেও ব্যবহার করেন। এএসআই নাছির উদ্দিনের নেতৃত্ব পুলিশ তাকে আটক করতে সকাল থেকে কষ্ট করছিল। অবশেষে সফলও হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













