২৫ অক্টোবর ২০২৬

হঠাৎ উত্তাল চট্টগ্রাম, বিয়ের অনুষ্ঠানে আটক আ.লীগ নেতা

চট্টগ্রামের টাইগারপসস্থ নেভী কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে শনিবার (২ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ছাত্র-জনতার হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ‘নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সাথে সাথেই নজরদারিতে রেখেছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও সেখানে গিয়েছিলেন।’

জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হয়। শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৯টার দিকে হঠাৎ করেই শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। তারা এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দিতে থাকে। তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে৷ খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।

তবে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে অধিকাংশ পালিয়ে যান।

 

আরও পড়ুন