হালদা নদীর রাউজান অংশে স্থায়ী ফ্লাড ওয়াল নির্মাণ, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের জিয়া বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উরকিরচর ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকশ ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম কিংবা অমাবস্যা-পূর্ণিমার জোয়ারে হালদা নদীর পানি বৃদ্ধি পেলেই উরকিরচর ও নোয়াপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
বক্তারা বলেন, হালদা নদী রাউজানবাসীর জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু দীর্ঘদিন ধরে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার কারণে তীরবর্তী মানুষের দুর্ভোগ বাড়লেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত রাউজান অংশে টেকসই ফ্লাড ওয়াল নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানানো হয়। দাবিগুলো হলো— রাউজান অংশে স্থায়ী ফ্লাড ওয়াল নির্মাণ, শাখা খালে আধুনিক ও টেকসই স্লুইস গেট স্থাপন, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসন, হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা জামায়াতের আমীর শাহজাহান মঞ্জু। উদ্বোধনী বক্তব্য দেন উরকিরচর ইউনিয়ন জামায়াতের আমীর মো. করিমুল্লাহ।
উরকিরচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রকৌশলী মো. ইসমাইলের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল হাশেম, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম আনছারী, ইউনিয়ন শিক্ষক ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান রনি, শিক্ষাবিদ ইউসুফ ইমন, নোয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. ইলিয়াস, সংগঠক গাজী মুহাম্মদ ইমতিয়াজ, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আরমান হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
স্থানীয়রা জানান, হালদা নদীর হাটহাজারী অংশে ফ্লাড ওয়াল নির্মিত হলেও রাউজান অংশে এখনো তেমন কোনো স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি। তাদের দাবি, হাটহাজারীতে ফ্লাড ওয়াল নির্মাণের পর পানির চাপ রাউজান অংশে আরও বেড়েছে। ফলে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তীরবর্তী এলাকার মানুষকে প্রতি বছর একই দুর্ভোগ পোহাতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাময়িক নয়, পরিকল্পিত ও টেকসই প্রকল্পের মাধ্যমে হালদা নদীর রাউজান অংশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নদী রক্ষা, জনপদ সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।













