১৬ সেপ্টেম্বর ২০২৬

৫ আগস্ট লুট হওয়া দুই পিস্তল মিলল আমবাগানে

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুইটি পিস্তল উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

উদ্ধার হওয়া অস্ত্র দুটি ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের ৯ এমএম পিস্তল। ক্রসচেক করে ডিবি নিশ্চিত হয়েছে, পিস্তল দুটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকায় ছিল।

২৬ জুলাই রোববার বিকেলে আমবাগান রেলওয়ে কলোনির পেছনে একটি বস্তিতে অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করে ডিবি উত্তর বিভাগের একটি দল।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক আনচারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি উত্তর বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান রেলওয়ে কলোনির পেছনে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে টরাস ব্র্যান্ডের দুইটি ৯ এমএম পিস্তল জব্দ করা হয়।

ডিবি কর্মকর্তারা জানান, ক্রসচেক করে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধার হওয়া পিস্তল দুটি ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ডিবির একাধিক টিম কাজ করছে।

এর আগে শনিবার রাতে একই এলাকায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় দুই উপপরিদর্শক (এসআই)সহ পুলিশের সাত সদস্য আহত হন।

আরও পড়ুন