১৭ মার্চ ২০২৬

চকরিয়ায় সাংবাদিকের বসতঘরে হামলা, নারীসহ আহত ১০

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের চকরিয়ায় সংবাদিক জিয়াবুল হকের বসত ঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দফায় দফায় হামলায় পরিবারের নারী সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেন সাংবাদিক জিয়াবুল হক। হামলাকালে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। নিয়ে গেছে পরিবার ও সাংবাদিকের মুঠোফোন এবং মূল্যবান পণ্য সামগ্রী।

মঙ্গলবার (১০ মে) দুপুরের দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আহতরা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জিয়াবুল হক জাতীয় দৈনিক সংবাদ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

জিয়াবুল হক বলেন, ঝড়ো হাওয়ায় গত বছর পুরোনো বাড়িটি নড়বড়ে হয়ে যায়। এবছরের শুরুতে ঘরটি ভেঙ্গে নতুন মাথা গুজার ঠাই বানানোর উদ্যোগ নেয়া হয়। মঙ্গলবার সকালে ঘরের পাঁকা পিলার করার কাজ শুরু হয়। এসময় স্থানীয় র নাজেম উদ্দিন ও শামসুল আলম কাজে বাঁধা দেয়। ঘর করতে হলে তাদের খুশি করতে হবে বলে উল্লেখ করেন। তাদের চাহিদা মেটানো (চাঁদা দেয়া) অসম্ভব জানানোর পর নাজেম উদ্দিন ও শামসুল আলমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আমাদের উপর হামলা চালায়। এসময় আমিসহ আমার পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। এতে নারীও রয়েছে। খবর পেয়ে সহকর্মীরা ঘটনাস্থলে এলে তাদের উপরও হামলা করতে দ্বিধা করেনি তারা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে চলে যায়।

তিনি আরোও বলেন, পুলিশ চলে যাওয়ার পর বেলা দেড়টার দিকে আবারও আমার বসতঘরে হামলা শুরু করে সন্ত্রাসীরা। এসময় তারা আমার বসতঘর ভাংচুর ,লুটপাট চালায়। বাধা দিতে গেলে আবারও আমাদেরকে মারধর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

তবে অভিযুক্ত নাজেম ও শামশুর বক্তব্য জানতে তাদের মুঠোফোনে রাতে যোগাযোগ করা হয়। কিন্তু ঘটনার পর হতে তাদের মুঠোফোন বন্ধ রয়েছে। পরে বক্তব্য পেলে গুরুত্ব সহকারে প্রচার করা হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, সাংবাদিক জিয়াবুল হকের বসতঘরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চকরিয়ায় কর্মরত সাংবাদিকরা। তারা অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন