বান্দরবান প্রতিনিধি »
আলীকদমে পুকুরের পানিতে ডুবে মারুফা জান্নাত (৭) ও মাহফুজা জান্নাত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকালে চৈক্ষ্যং ইউনিয়নে ৬নং ওয়ার্ড সিরাজ কার্বারী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মারুফা জান্নাত ও মাহফুজা জান্নাত ৬নং ওয়ার্ড সিরাজ কার্বারী পাড়ার নিবাসী মোহাম্মদ উল্লাহের মেয়ে।
নিহত বিষয়টি নিশ্চিত করেছেন আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার ।
পুলিশ জানায়, বিকালে বড়বোন মাহমুদা জান্নাত নলকুপে পানি সংগ্রহ করতে যায়। তাকে খুঁজতে দুই বোন বের হলে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, তাদের বড় বোন বাড়িতে এসে তার বোনদেরকে দেখা না মিললে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। পরে রাতে বাড়ির পাশে পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়।
চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, কৃষক মোহাম্মদ উল্লাহ’র দুই মেয়ে পাশের পুকুরে ডুবে মারা গেছে।
আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার জানান, দু’শিশুর লাশ উদ্ধার করে পরিবারদের কাছে হস্তান্তর করা হয়েছে।












