১৯ মার্চ ২০২৬

ঘাতক বাস কেড়ে নিল প্রকৌশলীর প্রাণ

কক্সবাজার প্রতিনিধি »

রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল (২৫)। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে দশটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক নামক স্থানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন রুবেল রামু উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া রামু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মাথা তেতলা ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রুবেল ঘটনাস্থলে প্রাণ হারান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবর পেয়ে রামু তুলাতলী হাইওয়ে পুলিশেরও একটি টিম ঘটনাস্থলে যান।

জানা গেছে, নিহত গিয়াস উদ্দিন রুবেল প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ, রামু উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক। এছাড়াও রুবেল বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পুরো রামুতে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টায় কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলী মসজিদ সংলগ্ন মাঠে গিয়াস উদ্দিন রুবেলের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন