কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারে চাঁদাবাজি মামলায় অভিযুক্ত ওয়ারেন্টি এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৫। মঙ্গলবার (১৭ মে) রাত ৮টার দিকে র্যাব-১৫’র আভিযানিক দল কলাতলী সৈকত এলাকা হতে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন র্যাব-১৫’র অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।
গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি জাবেদ ইকবাল প্রকাশ ইয়াবা জাবেদ (৪২), কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার মোক্তার আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
র্যাব-১৫’র অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার মোক্তার আহাম্মদের জাবেদ ইকবাল ওরফে ইয়াবা ইকবাল এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট আছে এনআইএক্টসহ আরো কয়েক ধরণের অপরাধের মামলায়ও। তার বিরুদ্ধে আরো বড় অভিযোগ ইয়াবা সংশ্লিষ্টতা। এসব বিষয় মাথায় নিয়ে ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালানো হয়। পূর্বের মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, জাবেদ গ্রেফতার হবার পর তার দল বিএনপির নেতাকর্মীরা তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গ্রেফতার হয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। এতে তার নিঃশর্ত মুক্তিও দাবি করেন তারা। তবে, অনেকে তার চাঁদাবাজি, প্রতারণাসহ নানা অভিযোগে মামলার বিষয়টি উল্লেখ করে কমেন্ট করলে তা কেটে ফেলেন স্ট্যাটাস দাতা। কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক সাংসদ লুৎফর রহমান কাজলও একইভাবে তাকে প্রতিহিংসার শিকার উল্লেখ করে স্ট্যাটাস দেন।
কিন্তু জাবেদ গ্রেফতার হবার পর তাদের হাতে নিপীড়নের শিকার মানুষগুলো সোচ্চার হন। জাবেদ তার ভাই আবছার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকার এক নিরহ ব্যক্তির ভিটা দখল করতে যান। সন্ত্রাসীরা ভিটা দখল করতে ব্যর্থ হয়ে সশস্ত্রাবস্থায় তাদের বাড়ি ঘেরাও করে বাড়ির লোকজনকে হত্যার চেষ্টা চালায়। নিরুপায় হয়ে জাতীয় নিরাপত্তা সেবা ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চাওয়ার পর পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এটাও দাবিকৃত চাঁদা না দেয়ায় ফল বলে উল্লেখ করেন ভুক্তভোগী ফারুক নামে স্থানীয় অধিবাসী।
তার মতো, আরো বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি এভাবে তাদের উপর জাবেদ ইকবাল ওরফে ইয়াবা জাবেদ এবং তার ভাই আবছারের নিপীড়নের শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন।












