কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। রোববার (২২ মে) বিকেলে উখিয়া-টেকনাফ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক ও ইয়াবা জব্দ করা হয় বলে জানান র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. নুরুল আবছার।
গ্রেফতাররা হলো— কক্সবাজারের উখিয়ার বালুখালীর মৃত সৈয়দ কাশেমের ছেলে মো. ইসমাইল জয়নাল (২২), উপজেলার খারাইংঘোনার মো. ইসমাঈলের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ঘোনারপাড়ার নুর মোহাম্মদের ছেলে জোবায়েদ উদ্দিন (২১)।
র্যাব-৭ মিডিয়া কর্মকর্তা নুরুল আবছার বলেন, র্যাব-৭ গোয়েন্দা তথ্যে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে টমটম যোগে টেকনাফ হতে উখিয়া শহরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২২ মে বিকেল ৩টার দিকে র্যাব-৭ এর আভিযানিক দল কক্সবাজার উখিয়া-টেকনাফ রোডে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি টমটম তল্লাশি করে ইসমাইল, জসিম ও জোবায়েদকে আটক করে। জয়নালের নিজ হাতে বের করে দেয়া প্লাষ্টিকের বস্তার ভিতরে ইট সাদৃস্য স্কচটেপ ও কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় পুটলা মিলে। সেখানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এরপর তাদের গ্রেফতার দেখানো হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মায়ানমার সীমান্ত হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে তারা।
গ্রেফতার তিনজন ও উদ্ধার মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।












