১৩ মার্চ ২০২৬

বোয়ালখালীতে বসতঘরে ডাকাতি—আহত ১০, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের ভেতরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করেছে ডাকাতদল। এ সময় ডাকাতদের বেধড়ক মারধরে শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সারোয়াতলী মজু ভান্ডার এলাকায় নূরুচ্ছফার বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

পরিবারটির সদস্যরা জানান, নুরুচ্ছফার দোতলা পাকাভবনের পেছনের লোহার গ্রিলের তালা ভেঙে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘরে প্রবেশ করে আগ্নেয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতদল প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান করে ভবনের প্রতিটি কক্ষে তল্লাশী চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও মূল্যবান সামগ্রী লুটে নেয়।

এ সময় ডাকাতদের মারধরে আহত হয়েছেন- শাহনাজ (৩৮), আনোয়ার ছাফা (৫৪), আফরিন সুলতানা (১৭), হাবিবুল বাশার (১৪), ফরিদা বেগম (৩৩), আহমদ ছাফা (৫২), তাহের ইসলাম (১৮), ওবাইদুল আকবর তারেক (২৪), নুর মহল বেগম (৪০) ও নুরুচ্ছাফা (৫৬)।

নুরুচ্ছফার ছেলে ওবাইদুল আকবর তারেক জানান, দোতলা ভবনের নিচ তলায় চাচা আহমদ ছাফা ও আনোয়ার ছাফা ও দ্বিতীয় তলায় তারা পরিবার নিয়ে থাকেন। সোমবার রাত ২টার দিকে ডাকাতদলের দরজা ভাঙার শব্দে ঘুম ভাঙে। ডাকাতরা চোখের পলকে কক্ষে প্রবেশ করে। এ সময় আগ্নেয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। তারা স্বর্ণালংকার দেওয়ার জন্য ঘরের মহিলাদের ওপর বিভিন্ন ধরণের চাপ সৃষ্টি করতে থাকেন। এ সময় তারা পরিবারের সবাইকে এলোপাথাড়ি মারধর করে ভয়ভীতি দেখায়। ডাকাতদলের সদস্যদের হাতে দা, ছুরি, লোহার রড, আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতদল নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, স্বর্ণ ৪ ভরি, ৪টি মোবাইল ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

এ ঘটনায় বোয়ালখালী থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ