বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে সাধারণ মানুষকে সেবা দিতে নিজ কার্যালয়ের ফ্রন্ট ডেক্সে অবস্থান নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।
মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকে তিনি উপজেলা ভূমি অফিসের নিচতলায় একটি ডেক্সে বসে আগত সেবাপ্রার্থীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। তাঁর অফিস কক্ষ হচ্ছে ভূমি অফিসের দ্বিতীয় তলায়। তবে সাধারণ মানুষজন ভূমি সংক্রান্ত বিষয়ে তাঁর কক্ষে খুব একটা যেতে চান না। সেই কারণেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, সেবাপ্রার্থীরা আমার কক্ষে প্রবেশ করতে খুব একটা চান না। তাই তাদের সেবা নিশ্চিত করতেই নিজ কক্ষ ছেড়ে নিচতলার ফ্রন্ট ডেক্সে অবস্থান নিয়েছি। সাধারণ মানুষের কথা শুনছি, তাঁদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য ব্যবস্থা নিচ্ছি।
এ কার্যক্রমে খুশি সেবাগ্রহীতারা। সেবা নিতে আাসা এক মহিলা জানান, স্যারের কাছে এসে অনেক সহজে আমার কাজটা সম্পন্ন করতে পেরেছি।
সেবাপ্রার্থী মো. হারুন বলেন, ‘গতকাল সোমবার থেকে সহকারী কমিশনার মহোদয় ভূমি সংক্রান্ত বিষয়ে সরাসরি কথা বলছেন। এতে অনেক বিষয় সহজে সমাধান হয়ে যাচ্ছে।’ ফলে ভূমি নামজারি, দাখিলা কাটাসহ যাবতীয় কার্যক্রমে হয়রানি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।












