১৭ মার্চ ২০২৬

রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে জেলা প্রশাসনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক »

রাত ৮ টার পর অতিরিক্ত আলোকসজ্জাসহ দোকান পাট খোলা রাখার দায়ে নগরীর বিভিন্ন স্থানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শনিবার (৬ আগস্ট) রাত ৮ থেকে ১০ টা পর্যন্ত নগরের বায়েজিদ ও উত্তর কাট্টলী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, চকবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন, কাজির দেউরী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বিদ্যুৎ সাশ্রয়ে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বায়েজিদ ও উত্তর কাট্টলী এলাকার স্পাইস ভিলাকে ২ হাজার টাকা, সরিষাবাড়িকে ২ হাজার টাকা, কুক আউটকে ৫ হাজার টাকা, আবুল কালাম ১ হাজার টাকা, সামিয়া ইলেকট্রনিক্স ২ হাজার টাকা, জামান হোটেল ২ হাজার টাকা, জেএসি রিফুয়েলিং স্টেশন ১০ হাজার টাকাসহ মোট- ৭টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন চট্টগ্রামের চকবাজার এলাকায় ওয়ালটন শো রুম সহ আটটি দোকানকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান কাজির দেউরী এলাকায় ৬ টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় অহেতুক আলো জ্বালিয়ে বিদ্যুতের অপচয় রোধকল্পে সরকারি নির্দেশনা মানার জন্য সবাইকে সচেতন হওয়ার কথা ও জানান ম্যাজিস্ট্রেটরা ।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন