১২ মার্চ ২০২৬

ইঞ্জিনিয়ার এস.এম.এ বারীর ২৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি, কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামলের পিতা, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কর্মী এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইঞ্জিনিয়ার এস.এম.এ বারীর ২৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি)।

মরহুম ইঞ্জিনিয়ার এস.এম.এ বারী হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের সফিনগর গ্রামের মরহুম সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিজ সারেং-এর প্রথম পুত্র। ভাষা আন্দোলনের সময় ১৯৫২ সালে তিনি কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র থাকাকালে আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে কাটিরহাটে রেললাইন তুলে ফেলার ঘটনায় অংশ নেন। এ ঘটনায় তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং তিন দিন হাজতবাসের পর অন্যান্যদের সঙ্গে মুক্তি পান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী তাকে উদালিয়া চা-বাগানস্থ ক্যাম্পে আটক করে। প্রায় এক সপ্তাহ আটক থাকার পর তিনি কৌশলে ওই ক্যাম্প থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

পেশাগত জীবনে তিনি একজন দক্ষ প্রকৌশলী হিসেবে দেশের বহু গুরুত্বপূর্ণ স্থাপনার নির্মাণকাজে যুক্ত ছিলেন। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, জিইএম প্ল্যান্ট, চট্টগ্রাম স্টিল মিল, জিয়া সার কারখানা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সদর দপ্তর।

মরহুম ইঞ্জিনিয়ার এস.এম.এ বারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল তার পতেঙ্গাস্থ বাসভবনে মিলাদ মাহফিল ও খতমে কোরান অনুষ্ঠিত হবে। পাশাপাশি পতেঙ্গার কাঠগড়স্থ কবরস্থানে তার কবর জিয়ারত এবং খতমে কোরানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম ইঞ্জিনিয়ার এস.এম.এ বারী ২০০২ সালের ২৫ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ