তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, তরুণদের সঠিক নেতৃত্ব ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলেই আগামীর বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ ও শক্তিশালী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর মোহনা হলে জেসিআই চট্টগ্রামের নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর (চেইন হ্যান্ডওভার) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জেসিআই একটি আন্তর্জাতিক মানসম্পন্ন তরুণ উদ্যোক্তাদের সংগঠন। এই প্ল্যাটফর্ম থেকে গড়ে ওঠা নেতৃত্ব ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও নৈতিক নেতৃত্বই আমাদের উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের বিকাশে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে এ ধরনের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
অনুষ্ঠানে জেসিআই চট্টগ্রামের নবনির্বাচিত প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাতের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী পরিষদ তাদের দায়িত্বকালীন অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবগঠিত পরিষদ আগামীর কর্মপরিকল্পনা উপস্থাপন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)-এর সভাপতি মো. আমিরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও তরুণ উদ্যোক্তা ইসরাফিল খসরু, চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক ও মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আকতার পারভেজ।
উল্লেখ্য, ২০১২ সালে যাত্রা শুরু করা জেসিআই চট্টগ্রাম ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক উন্নয়ন এবং নৈতিক নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।













