১৭ ফেব্রুয়ারি ২০২৬

শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্রসামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজারসংলগ্ন ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট পাচারের চেষ্টা করা হবে।

এ তথ্যের ভিত্তিতে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ