চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত মারকাযুন নূর মডেল মাদরাসার দ্বীনি মাহফিল ও হিফজ সম্পন্ন শিক্ষার্থীদের দস্তারে ফজিলত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার বারশত ইউনিয়নের মাদরাসা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দস্তারে ফজিলত (পাগড়ি প্রদান) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সদ্য হিফজ সম্পন্নকারী ১২ জন হাফেজে কুরআন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি ও সম্মাননা প্রদান করা হয়।
আলহাজ মোহাম্মদ ইউসুফ সওদাগরের সভাপতিত্বে ও মাওলানা দিলদার ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়া পটিয়া মাদরাসার শাইখুল হাদিস ও প্রধান মুফতি মাওলানা শামসুদ্দিন জিয়া।
এতে বক্তারা হাফেজে কুরআনের মর্যাদা, কুরআন হিফজের ফজিলত এবং কুরআনভিত্তিক জীবন গঠনের গুরুত্ব সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা তুলে ধরে বলেন, হাফেজে কুরআনগণ আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামতপ্রাপ্ত বান্দা। তাঁদের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআনের হিফাজত অব্যাহত থাকবে। তাই হাফেজে কুরআনদের যথাযথ সম্মান ও কদর করা সমাজের নৈতিক দায়িত্ব।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২নং বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, জামিয়া পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বাজী আকতার হোসাইন আনোয়ারী, হাটহাজারী ফতেহপুর মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা নজরুল ইসলাম হামিদী, দারুসসুন্নাহ মাদরাসার পরিচালক মুফতি সলিমুল্লাহ এবং মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা দিদারসহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ হোসাইন বিন ইউসুফ বলেন, সকলের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠান থেকে এ যাবৎ ১৬ জন ছাত্র হিফজ সমাপ্ত করে অত্র মাদরাসা থেকে বিদায় নিয়েছেন। এবং আজকে ১২ জন ছাত্রকে মাদরাসার পক্ষ থেকে পাগড়ি-সনদ দিয়ে সসম্মানে বিদায় প্রদান করা হয়। শিক্ষার্থীরা থানা, বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছেন। ভবিষ্যতে সকলের সহযোগিতা ও পরামর্শে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
আলোচনা শেষে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত প্রদান করা হয়। পরিশেষে দেশ, জাতি, উম্মাহ ও মাদরাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।













