১৯ ফেব্রুয়ারি ২০২৬

আনোয়ারায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-এ গুয়াপঞ্চক দারসুল কুরআন ওয়াস্‌সুন্নাহ মাদ্রাসা (বালক-বালিকা) এবং চাতরী চৌমুহনী আনোয়ারুল কুরআন মহিলা মাদ্রাসার যৌথ আয়োজনে হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তারা হাফেজে কুরআনের মর্যাদা, কুরআন হেফজের ফজিলত এবং কুরআনভিত্তিক জীবন গঠনের গুরুত্ব সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা তুলে ধরে বলেন, হাফেজে কুরআনগণ আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামতপ্রাপ্ত বান্দা। তাঁদের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআনের হিফাজত অব্যাহত থাকবে। তাই হাফেজে কুরআনদের যথাযথ সম্মান ও কদর করা সমাজের নৈতিক দায়িত্ব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কালাবিবির দীঘি মমতাজ কনভেনশন হলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মাদ আরিফ উদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা এরশাদ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি আল্লামা জিয়াউল হোসেন। প্রধান বক্তা ছিলেন দুধকুমড়া দারুস্‌সুন্নাহ মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি সলিম উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২নং বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ হাসান চৌধুরী, মাওলানা আব্দুল আলিম, সমাজসেবক ও রাজনীতিবিদ জাগির আহমদ সওদাগর, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, আনোয়ারা কর্ণফুলী প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ ইসহাক, সহ-সভাপতি হাফেজ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাঈনুদ্দীন, সহ-সভাপতি হাফেজ আব্দুর রহমান, সহ-সেক্রেটারি হাফেজ নুরুল আবছার, অর্থ সম্পাদক হাফেজ আবদুল করিম, সহ-অর্থ সম্পাদক হাফেজ সোলাইমান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আলী জুহার, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা মুহাব্বত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার অভিভাবক-অভিভাবিকা ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আরিফ উদ্দীন বলেন, সকলের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠান থেকে আজ ২৫ জন ছাত্রী এবং ১৩ জন ছাত্র হিফজ সম্পন্ন করে মাদ্রাসা থেকে বিদায় নিয়েছেন। আজ তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি ও সনদ দিয়ে সসম্মানে বিদায় প্রদান করা হয়। শিক্ষার্থীরা থানা, বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে সকলের সহযোগিতা ও পরামর্শে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব।

আলোচনা শেষে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত প্রদান করা হয়। পরিশেষে দেশ, জাতি, উম্মাহ ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আরও পড়ুন