চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫-এ ট্যালেন্টপুলে মেধাবৃত্তি অর্জন করেছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী উদিতি দাশ মুমু। ফল প্রকাশের পর থেকেই শিক্ষা অঙ্গনে বইছে আনন্দের আবহ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে একযোগে দেশের ৯টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছে ১ হাজার ২২৭ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি অর্জন করেছে ২ হাজার ৬৩০ জন শিক্ষার্থী।
নিজের এই কৃতিত্বের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উদিতি দাশ মুমু জানায়, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, দিকনির্দেশনা ও উৎসাহ ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।
সে তার স্কুল শিক্ষক, কোচিং ও প্রাইভেট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলে, “আমার প্রিয় শিক্ষকদের পরামর্শ ও অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।” পাশাপাশি মা–বাবার অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে সে।
উদিতির মা বিদিতা চৌধুরী একজন গৃহিণী। তাঁর পিতা শুকলাল দাশ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার।
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত পিতা সাংবাদিক শুকলাল দাশ বলেন, নিয়মিত স্কুল ও কোচিংয়ের পাশাপাশি বাসায় নির্ধারিত রুটিন মেনে পড়াশোনা করেছে উদিতি। বিশেষ করে পরীক্ষার আগে কয়েক মাস রাত–দিন সমানতালে অধ্যবসায়ই তাকে এনে দিয়েছে এ অর্জন।
ভবিষ্যতেও এই সাফল্যের ধারা ধরে রাখতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে মেধাবী এই শিক্ষার্থী।













